সামসেরগঞ্জে স্কুটার থেকে ৪.২৪৯ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার এক
সফিকুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০৫ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার | আপডেট: ০৯:০৫ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সামসেরগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পুলিশ। ঘটনায় মোহাম্মদ মিনারুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকার বাজুপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে মোট ৪ কেজি ২৪৯ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বহরমপুরের দিক থেকে একটি স্কুটারে চেপে মালদার দিকে যাচ্ছিল অভিযুক্ত। স্কুটারে করেই বিপুল পরিমাণ মাদক পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাসের তৎপরতায় বাসুদেবপুর সংলগ্ন নতুন জালালদিপুর পিলকিমোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে নজরদারি শুরু করে পুলিশ। এরপর সন্দেহভাজন স্কুটারটিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। ঘটনাস্থল থেকেই স্কুটার চালক মোহাম্মদ মিনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সামসেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডলের উপস্থিতিতে উদ্ধার হওয়া হেরোইন বাজেয়াপ্ত করা হয়। এত বিপুল পরিমাণ হেরোইন কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতের সঙ্গে কোনও বড় মাদক পাচার চক্রের যোগসূত্র রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য কয়েক কোটি টাকা।
শুক্রবার সামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে মাদক উদ্ধারের এই ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর জেলা পুলিশের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং, সামসেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাস-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।
