সামশেরগঞ্জ পুলিশের জোড়া অভিযান! ৩৩২ বোতল ফেনসিডিল ও ১৯৭ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার দুই
সফিকুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:১৪ এএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার | আপডেট: ১০:১৪ এএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার
সামশেরগঞ্জ: মাদকবিরোধী অভিযানে একই দিনে পরপর দুটি বড় সাফল্য পেল সামশেরগঞ্জ থানার পুলিশ। বুধবার পৃথক দুটি অভিযান চালিয়ে মোট ৩৩২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল এবং ১৯৭ গ্রাম হেরোইন উদ্ধার করল পুলিশ। দুটি ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরপর এই সাফল্যে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার হয়েছে।
বৃহস্পতিবার সামশেরগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে গোটা অভিযানের বিস্তারিত তথ্য জানান জঙ্গিপুর পুলিশ জেলার জোনাল অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং এবং সামশেরগঞ্জ থানার আইসি কুনালকান্তি দাস। বুধবার নতুন জালাদিপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৩২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় লুৎফল শেখ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি ধুলিয়ান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাতিছিত্রা মোড় এলাকায়।
অন্যদিকে, বুধবার রাতেই সামশেরগঞ্জের পাকুড় রোডে বেল্লাল ভবনের সামনে ঘোড়ামারা এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে প্রায় ১৯৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানান জঙ্গিপুর জোনাল এডিশনাল এসপি সজল কান্তি বিশ্বাস। এই ঘটনায় জামিরুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ডাকবাংলার দিক থেকে সামশেরগঞ্জের সাকারঘাট এলাকায় হেরোইন নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
দুটি ঘটনায় উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করে ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এই মাদক কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত লুৎফল শেখ ও জামিরুল শেখ—দুজনকেই বৃহস্পতিবার আদালতে পেশ করে সামশেরগঞ্জ থানার পুলিশ।
এদিকে, একই দিনে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও হেরোইন উদ্ধার এবং দুই অভিযুক্তকে গ্রেফতারের ঘটনাকে সামশেরগঞ্জ পুলিশের উল্লেখযোগ্য সাফল্য বলে অভিহিত করেছেন বিজেপি নেতা মিলন ঘোষ। তাঁর বক্তব্য, সরকারের নির্দেশ অনুযায়ী পুলিশ ভালো কাজ করছে।
মাদকবিরোধী অভিযানে সামশেরগঞ্জ পুলিশের এই জোড়া সাফল্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
