আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৫৯ পিএম, ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
সামশেরগঞ্জের ভাসাইপাইকর অঞ্চলের তৃণমূল যুবনেতা আব্দুল সালাম ওরফে কটা গ্রেফতার। বুধবার রাতে একাধিক পুরনো মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার তাঁকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সামশেরগঞ্জের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের ঘনিষ্ঠ যুবনেতা হিসেবেই পরিচিত আব্দুল সালাম ওরফে কটা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের পক্ষেই ছিলেন। সম্প্রতি কয়েক দিন আগেও সামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের পাশে দেখা গিয়েছিল তাঁকে।
এরই মধ্যে পুরনো মামলায় তাঁর গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে সামশেরগঞ্জের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পুলিশ সূত্রে জানা যায়, সরকারি জমি দখল করে বিল্ডিং নির্মাণ-সহ একাধিক মামলা রয়েছে আব্দুল সালাম ওরফে কটার বিরুদ্ধে। সেই পুরনো মামলাগুলির সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
