সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
সফিকুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার | আপডেট: ০৪:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার
সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ:শনিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক যুবককে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার রাতে সামশেরগঞ্জের চস্কাপুরের ঘোড়ামারা মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। ধৃত যুবকের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
রবিবার ১১ টা নাগাদ জোনাল অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে জানান, শনিবার রাত প্রায় ১১ টা নাগাদ পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে। খবর পাওয়ার পরই সামশেরগঞ্জ থানার পুলিশ দ্রুত অভিযান চালায়। অভিযানে সাদা পোশাকের পুলিশের একটি দলও ছিল। ওই দলে ছিলেন এএসআই দীপক রোজক-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘোমরা মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই যুবককে। এরপর তাঁকে আটক করে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সেখানে আগ্নেয়াস্ত্র হাতবদলের চেষ্টা চলছিল। সেই সময়ই পুলিশের অভিযানে ধরা পড়েন ওই যুবক।
ধৃতের নাম রুহুল শেখ (২০)। তিনি ঝাড়খণ্ডের পাকুড় জেলার জিকরঘাটি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়।
এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং সেগুলি কোথাও পাচারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দিক তদন্ত চালনো হচ্ছে বলে জানান পুলিশ
