পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার | আপডেট: ০২:০৮ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার
সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করে বিস্তারিত জানাল পুলিশ। শুক্রবার, ২৩ অক্টোবর সকালে জাহাঙ্গীর মমিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে স্বামীর গলায় দাগ দেখে খুনের সন্দেহ হয় পুলিশের। এরপর আইসি কুনাল কান্তি দাসের নেতৃত্বে সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনার এক ঘণ্টার মধ্যেই তাঁর স্ত্রী নাবিরা খাতুনকে গ্রেফতার করে।
রবিবার দুপুর ১২টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানান জোনাল অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জাহাঙ্গীর মমিনের বাড়ি সামশেরগঞ্জ থানার অন্তর্গত ফুলন্দর গ্রামের মালঞ্চা এলাকায়। পরিবারের সদস্যদের অভিযোগ ও পুলিশের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। পরে আদালত অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, স্বামীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে গত এক বছর ধরে দম্পতির মধ্যে অশান্তি চলছিল বলে অভিযোগ। ২২ তারিখ রাতের ঘটনার দিনও এই বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিবাদ বাধে বলে তদন্তে জানা গিয়েছে। পুলিশের দাবি, অভিযুক্ত নাবিরা খাতুন জেরায় স্বীকার করেছেন, স্বামীকে মদ্যপান করিয়ে ঘুম পাড়ানোর পর ঘুমন্ত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে তাঁকে খুন করা হয়। খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টাও করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। জোনাল অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস জানান, ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করে অতিরিক্ত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। দুঃখকে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হচ্ছে বলে জানান।
