শনিবার   ২৪ অক্টোবর ২০২৬   কার্তিক ৯ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া

সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির

সফিকুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার | আপডেট: ১১:৪৮ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের চকসাপুরে NH-12 জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অনিকুল শেখ (৩৫)। তাঁর বাড়ি সামশেরগঞ্জের চকসাপুর এলাকায়। শুক্রবারের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অনিকুলের ছয়টি ছোট সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, রাস্তা পারাপার করার সময় একটি ১৪ চাকার লরি তাঁকে ধাক্কা মারে। এরপর লরির সঙ্গে আটকে গিয়ে তিনি প্রায় ২০০ মিটার রাস্তা ছেঁচড়ে যান। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের আরও অভিযোগ, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছয়।

এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মর্মান্তিক এই দুর্ঘটনায় একদিকে যেমন এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে, তেমনই ছয় সন্তানকে নিয়ে পরিবারটির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।