ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
সফিকুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪৩ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার | আপডেট: ১১:৪৩ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার
বাংলা ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ধানের জমি থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ফারাক্কায়। শুক্রবার সকালে ফারাক্কা থানার অন্তর্গত আমতলার মাঠে একটি ধানখেতে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকেরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার বিশাল পুলিশবাহিনী এবং এলাকাটি ঘিরে ফেলে তদন্ত শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে আমতলার মাঠে চাষের কাজে গিয়েছিলেন স্থানীয় কৃষকেরা। সেই সময় ধানখেতের মধ্যে এক যুবকের দেহ রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফরাক্কা থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ফারাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং এবং ফারাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মুখার্জি। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ থেকে ১৫০ মিটার দূরত্বেই ঝাড়খণ্ড সীমানা। ফলে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীরা এসে খুন করে দেহ ফেলে রেখে গিয়েছে, নাকি স্থানীয় কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে ফারাক্কা থানার পুলিশ প্রশাসন।
