ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
সফিকুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার | আপডেট: ০৯:৩৬ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার
বুধবার দশমীর দিন দুর্গাপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ধুলিয়ানের কাঞ্চনতলা গঙ্গাঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করল পুলিশ ও প্রশাসন। বুধবার সকাল থেকেই বিসর্জন ঘাটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর ছিল সামশেরগঞ্জ থানার পুলিশ। দুপুর অনমানিক ২ টা নাগাদ ঘাট পরিদর্শনে আসেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অরিজিৎ সিং যাদব। তিনি গঙ্গাঘাটের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
বিকেল ৪টার পর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। পুজো কমিটির সদস্যরা পুলিশ-প্রশাসনের নির্ধারিত নিরাপত্তাবিধি মেনে প্রতিমা বিসর্জনে অংশ নেন। ঘাটে মোতায়েন ছিল পুলিশকর্মী ও সিভিল ডিফেন্সের কর্মীরা। নিরাপত্তার উদ্যেশে গঙ্গার বুকে নৌকায় করে চলে নজরদারি ও টহলদারি করে তারা। বিসর্জনের সময় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করে প্রশাসন।
টহলদারির সময় গঙ্গার বুকে নৌকা থেকে এক ব্যক্তি পড়ে যান। তৎপরতার সঙ্গে তাঁকে উদ্ধার করেন সিভিল ডিফেন্স কর্মী ও পুলিশ কর্মীরা । পাশাপাশি, নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা, পা ঝুলিয়ে বসা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকতে বিসর্জনে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত বোঝাই নৌকাগুলিকে ঘাটে ফিরিয়ে এনে যাত্রীদের নামিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়। ধুলিয়ান পৌরসভা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে গোটা বিসর্জন পর্বে নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনের নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থার মধ্য দিয়ে বিসর্জন পর্ব সম্পন্ন হয়।
এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অরিজিৎ সিং যাদব, জঙ্গিপুর পুলিশ জেলার জোনাল অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, সামশেরগঞ্জ থানার আইসি কুণাল কান্তি দাস, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান আনোয়ার সাদাত, কাউন্সিলর পারভেজ-সহ একাধিক কাউন্সিলর এবং প্রশাসনের বিশিষ্ট আধিকারিকরা।
