প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার | আপডেট: ০৯:৫৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার
পুষ্প প্রভাত :সামশেরগঞ্জ :মোহাঃ মাসুদ আলি
প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে কোনওরকম খামতি রাখতে নারাজ সামসেরগঞ্জ থানার পুলিশ প্রশাসন। আইসি কুনাল কান্তি দাসের তত্ত্বাবধানে বিভিন্ন বিসর্জন ঘাটে চলছে কড়া নজরদারি ও প্রশাসনিক তৎপরতা। বিসর্জন পর্বে নিরাপত্তা সুনিশ্চিত করতে ঘাটে দায়িত্বে থাকা নৌকার মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক করল পুলিশ।সোমবার সন্ধ্যায় সামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, ফারাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং, সামসেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাস এবং ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান আনোয়ার সাদাত-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।বৈঠকে প্রতিমা বিসর্জনের সময় নৌকা পরিচালনা, নিরাপত্তাবিধি মেনে চলা এবং বিসর্জন ঘাটে ভিড় নিয়ন্ত্রণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিসর্জনের সময় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নৌকার মাঝিদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের নির্দেশিকা মেনে দায়িত্ব পালনের উপরও জোর দেওয়া হয়।উৎসবের শেষ পর্বে সাধারণ মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সামগ্রিক নজরদারি ও সমন্বয়ের মাধ্যমে প্রতিমা বিসর্জন পর্ব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য।
