সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
সফিকুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১২:৩১ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার
সফিকুল ইসলাম, সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মালঞ্চায় ভেজাল হলুদ তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় সেলিম শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশের এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালঞ্চার ওই কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে মোট ৭২টি প্যাকেজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ কেজি ওজনের ৫৪টি ব্যাগ ভর্তি চালের গুঁড়ো, সাদা রঙের পদার্থ ভর্তি চারটি ব্যাগ এবং ২৫ কেজি ওজনের ১৪টি প্যাকেজে ভেজাল হলুদ তৈরির উপকরণ। এছাড়াও একটি ইলেকট্রিক মোটর ও ৫০ কেজি ওজনের একটি কমলা রঙের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া বিভিন্ন উপকরণ মিশিয়ে ভেজাল হলুদ তৈরি করা হতো। তবে এই কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে অভিযানের বিস্তারিত তথ্য জানান ফরাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং। এ সময় উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ থানার আইসি কুনালকান্তি দাস।
ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কারবারের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তৈরি করা ভেজাল হলুদ কোথায় সরবরাহ করা হতো এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃত সেলিম শেখকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
