বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬   আশ্বিন ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন

সফিকুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩২ এএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার | আপডেট: ০৯:৩২ এএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

সফিকুল ইসলাম,ফরাক্কা: SIR-এ বাদ পড়া বৈধ ভোটারদের নাম পুনর্ভুক্তি, আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের ঘর প্রদান এবং অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের অন্তর্ভুক্তি-সহ মোট আট দফা দাবিতে ফরাক্কা BDO-র কাছে ডেপুটেশন দিল ফরাক্কা ব্লক কংগ্রেস।

মঙ্গলবার বিকেলে ফরাক্কা ব্লকের বিভিন্ন এলাকা থেকে কংগ্রেস কর্মী-সমর্থকরা মিছিল ও পথসভায় অংশ নেন। SIR প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ তুলে তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি, অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলারা যাতে কোনওভাবেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই দাবিতেও সরব হন কংগ্রেস নেতৃত্ব।

ফরাক্কার বিধায়ক মোতাব সেখের নেতৃত্বে আয়োজিত পথসভা ও ডেপুটেশন কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলীয় নেতৃত্ব। যোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়।

ডেপুটেশন শেষে জঙ্গিপুর সাংগঠনিক জেলা কংগ্রেসের সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস জানান, আট দফা দাবির বিষয়ে BDO তাঁদের আশ্বস্ত করেছেন এবং বিষয়গুলি খতিয়ে দেখার কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, আবাস যোজনায় প্রকৃত দরিদ্র ও যোগ্য মানুষ যাতে সরকারি ঘর পান, তা নিশ্চিত করা প্রয়োজন। এদিনের কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপি—উভয় দলের বিরুদ্ধেই রাজনৈতিক অভিযোগ তোলেন তিনি।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা কংগ্রেসের সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাস, ফরাক্কার বিধায়ক মোতাব সেখ, মহিলা নেত্রী রেশমা খাতুন, আসিফ হোসেন, INTUC নেতা আতাউর রহমান-সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা।