দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
সফিকুল ইসলাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৫ এএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার | আপডেট: ০৯:২৫ এএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার
সফিকুল ইসলাম,মুর্শিদাবাদ: রেজিনগর উপনির্বাচন শুরুর কয়েক ঘণ্টার মধ্যে রেজিনগর থানার পুলিশের হাতে 'আটক' হলেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর।
উপনির্বাচন শুরু হওয়ার পর সকাল আটটা নাগাদ রেজিনগর থানার পুলিশ হুমায়ুন কবীরকে রেজিনগরের আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয়ের সামনে থেকে আটক করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার রেজিনগর উপনির্বাচন শুরু হওয়ার পর হুমায়ুন কবীর সকাল সকাল নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে শক্তিপুরে নিজের গ্রামের বুথে ভোট দেন। এরপর গাড়ি করে সোজা রেজিনগরে দলীয় কার্যালয়ে চলে আসেন। সূত্রের খবর সেই দলীয় কার্যালয়ে বসে হুমায়ুন কবীর বিভিন্ন জায়গায় 'হিংসা' এবং 'উত্তেজনায়' উস্কানি দিচ্ছিলেন। এই অভিযোগ পেয়ে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন বর্মন বিশাল পুলিশ বাহিনী নিয়ে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির দলীয় দপ্তরে সামনে পৌঁছে যান।
পুলিশ কর্মীরা এরপর হুমায়ুন কবীরকে দলীয় দপ্তরের সামনে থেকে সোজা নিজের বাড়িতে চলে যেতে বলেন যদিও হুমায়ুন কবীর পুলিশের এই নির্দেশ মানতে রাজি হননি। এরপরই পুলিশ হুমায়ুন কবীরকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে রেজিনগর থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। গাড়িতে চাপার সময় হুমায়ুন কবীর বলেন," আমাকে গ্রেপ্তার করা হচ্ছে না আটক করা হচ্ছে আমি কিছুই জানিনা। "
অন্যদিকে হুমায়ুন সহ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে অভিযোগ করা হয়েছে রেজিনগরের বিভিন্ন বুথে তাদের দলীয় এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে।
