ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:২৬ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০৫:২৬ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
ক্ষমতা থাকলে আবার নির্বাচন করুন’—ডিলিট ভোটার ইস্যুতে বিজেপিকে সামশেরগঞ্জে নুর আলমের চ্যালেঞ্জ
সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ:ডিলিট ভোটার ইস্যুতে সামশেরগঞ্জে ফের সরব হলেন বিধায়ক নুর আলম। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং তার জেরে অন্নপূর্ণা ভাণ্ডার-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে সামশেরগঞ্জে অনুষ্ঠিত হল বিশাল প্রতিবাদী মিছিল ও সভা। নুর আলমের নেতৃত্বে কাঞ্চনতলা গঙ্গার ঘাট থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল পৌঁছয় সামশেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদী সভা। পরে বিডিও অফিসে জমা দেওয়া হয় ডেপুটেশন।
এদিনের সভায় মহিলাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে রেশন কার্ড, আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও উঠে আসে। মমতাজ বিবি নামে এক মহিলা অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পাশাপাশি আবাস যোজনার বাড়ির সুবিধা নিয়েও সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ—বিভিন্ন মহল থেকেই এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ও প্রতিবাদ জানানো হয়। নির্বাচনের আগে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টি ঘিরে রাজ্যজুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর ও প্রতিবাদ। সেই পরিস্থিতির মধ্যেই রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের পর ঘটে রাজনৈতিক পালাবদল।
ডিলিট ভোটার ইস্যুতে এদিন গণতান্ত্রিক তৃণমূলের পক্ষ থেকে বিধায়ক নুর আলম বিডিও অফিসে ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনে বৈধ ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে কাউকে বঞ্চিত না করা, রেশন কার্ড, আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
ডেপুটেশন শেষে বিধায়ক নুর আলম বলেন, “বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় তোলা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে।” পাশাপাশি নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তুলে কমিশনের পদত্যাগের দাবিও জানান তিনি।
বিজেপি নেতা সম্বিত পাত্রকে লক্ষ্য করে আক্রমণাত্মক সুরে নুর আলম বলেন, “ক্ষমতা থাকলে বৈধ ভোটারদের ভোট তুলে সামশেরগঞ্জে আবার নির্বাচন করুন। আমি ভোটে লড়াই করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করছি।”
অন্যদিকে মহিলা নেত্রী নাসিমা খাতুন বলেন, “সামশেরগঞ্জে বৈধ ভোটারদের ভোট ফিরিয়ে আনার দাবিতেই আজকের এই প্রতিবাদী মিছিল ও সভা। পাশাপাশি মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। সেই সমস্ত প্রকল্পের সুবিধা নিশ্চিত করা এবং প্রত্যেক বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় তোলাই আজকের মূল দাবি।
জেলা পরিষদ সদস্য আনোয়ারুল হক বিপ্লব বলেন, “ডিলিট ভোটার ইস্যুতে আজ আমাদের বিশাল প্রতিবাদী সভা ও মিছিল ছিল। মিছিলে হাজার হাজার মানুষ বিধায়ক নুর আলমের সঙ্গে পা মিলিয়েছেন। আগের বিধায়ক ও বর্তমান বিধায়কের পার্থক্যটা আজকের উপস্থিতির মধ্য দিয়েই জনগণ বুঝিয়ে দিয়েছে। যতদিন বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত হবে না, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
বৈধ ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং ভোটার তালিকা সংক্রান্ত কারণে কোনও নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন—এই দাবিকে সামনে রেখে এদিনের মিছিল ও ডেপুটেশন ঘিরে সামশেরগঞ্জে রাজনৈতিক উত্তাপও দেখা যায়।
