২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:০৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ০৮:০৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
সফিকুল ইসলাম,সুতি: সুতি থানার চাঁদেরমোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ। ঘটনায় মিতুল শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি সুতির গোপালগঞ্জ এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোররাতে গোপন সূত্রে খবর আসে, একটি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে সুতি থানার আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে পুলিশ চাঁদেরমোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহজনক একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে মোটরসাইকেল থেকে উদ্ধার হয় মোট ২৯৬ বোতল ফেনসিডিল। এরপরই মিতুল শেখকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল।
তবে উদ্ধার হওয়া ফেনসিডিল কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।
রবিবার ধৃত মিতুল শেখকে আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের আরও কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেও নজর রয়েছে পুলিশের।
