রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার | আপডেট: ০৭:৫৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ:গরু পাচারের পর এবার অবৈধভাবে গম পাচারের চেষ্টা ভেস্তে দিল সামশেরগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শক্রবার বৈকালে বাংলা-ঝাড়খণ্ডগামী ডাকবাংলো–পাকুড় রোডে অভিযান চালিয়ে প্রায় ৯ টন গম-সহ একটি ৪০৭ গাড়ি আটক করা হয়। ঘটনায় গমের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সামশেরগঞ্জ থানার আইসি কুণাল কান্তি দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন এসআই হেতেশ সরকার ও দীপক রজক-সহ পুলিশকর্মীরা। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ৪০৭ গাড়ি আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ গম উদ্ধার হয়। গম পরিবহণের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গমের মালিক মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি সামশেরগঞ্জ থানার হাউসনগর এলাকায়।

এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধায় সাংবাদিক সম্মেলন করেন ফরাক্কার এসডিপিও দীপেন্দ্রু তামাং। তিনি জানান, ঝাড়খণ্ড যাওয়ার পথে ডাকবাংলো–পাকুড় রোড থেকে ৪০৭ গাড়িটি আটক করা হয়। গাড়ি থেকে উদ্ধার হওয়া প্রায় ৯ টন গম সহ গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, উদ্ধার হওয়া গম অবৈধভাবে ঝাড়খণ্ডে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিপুল পরিমাণ গম উদ্ধারের ঘটনায় এর পিছনে কোনও বড় পাচারচক্র রয়েছে কি না, অথবা এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

ধৃত মনিরুল ইসলামকে শনিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হবে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত জোরকদমে চালাচ্ছে পুলিশ।