মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ৩০ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৩ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৮:২৩ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: ধুলিয়ান পুরসভার নতুন পুরপ্রধান নির্বাচিত হয়েছেন ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আনোয়ার সাদাত। সোমবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি ১৫-০ ব্যবধানে জয়লাভ করেন। ভোটাভুটিতে উপস্থিত ১৫ জন কাউন্সিলরের প্রত্যেকেই আনোয়ার সাদাতকে পূর্ণ সমর্থন জানান।

উল্লখ্য, কয়েক দিন আগেই ধুলিয়ানের প্রাক্তন পুরপ্রধান ইনজামূল ইসলাম ওরফে রাজার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে অপসারণ করা হয়। অপসারিত হওয়ার আগে ইনজামূল তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেও অপসারণ ঠেকানো সম্ভব হয়নি। মোট ২১ জন কাউন্সিলরের মধ্যে ১৫ জন উপস্থিত হয়ে ইনজামূলের বিরুদ্ধে ভোট দেন। এরপরেই নতুন বোর্ড গঠনের পেছনে সামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক নুর আলম এবং তৃণমূল নেতা আনারুল হক বিপ্লবের নেতৃত্ব সামনে আসে।

এদিন নতুন পুরপ্রধান মনোনয়নের পর পুরসভা চত্বরে কর্মী-সমর্থকেরা মিষ্টিমুখ করে এবং অভিনন্দন ও স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করে।

তৃণমূল নেতা আনারুল হক বিপ্লব বলেন, বিধায়ক নুর আলমের নেতৃত্বে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে নতুন চেয়ারম্যান ধুলিয়ান পুরসভা পরিচালনা করবেন। বিরোধীদের দলে ফেরার বিষয়ে তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলীয় বিধায়ক।

বিধায়ক নুর আলম বলেন, প্রাক্তন চেয়ারম্যান নিয়মিত পুরসভায় না আসায় অনাস্থা এনে তাঁকে সরানো হয়েছিল। দুর্গাপূজা সামনে রেখে শহরের রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুতের সমস্যার মতো থমকে থাকা পরিষেবাগুলো দ্রুত চালু করাই নতুন বোর্ডের প্রথম অগ্রাধিকার হবে।

নতুন পুরপ্রধান আনোয়ার সাদাত তাঁকে সমর্থনের জন্য দলীয় বিধায়ক, নেতৃত্ব এবং কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পূর্ববর্তী বোর্ডের দুর্নীতির অভিযোগের হিসাব-নিকাশের বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি জানান, দলীয় শীর্ষ নেতৃত্ব ও বিধায়কের আদর্শ মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সকল কাউন্সিলরকে নিয়ে তিনি কাজ করে যাবেন।