সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৫৮ এএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ১১:৫৮ এএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

 ৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যেই পরিবেশ সচেতনতার অভিনব বার্তা দিল সামসেরগঞ্জের নামো বাসুদেবপুরের দ্য মেরিটোরিয়াস এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট। শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানানোর পাশাপাশি তাঁদের হাতে গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার বার্তা দিল প্রতিষ্ঠানের পড়ুয়ারা।শুক্রবার শিক্ষক দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সকাল থেকেই উৎসবের আমেজ দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকেরা। পড়ুয়াদের উৎসাহ ও উদ্দীপনায় মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ।অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানানো হয়। এরপর পড়ুয়াদের অংশগ্রহণে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাটক, কবিতা আবৃত্তি, নৃত্য-সহ বিভিন্ন পরিবেশনা দর্শকদের মন জয় করে। খুদে পড়ুয়াদের সাবলীল পরিবেশনা উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়ে নেয়।তবে এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পড়ুয়াদের অভিনব উদ্যোগ। শিক্ষক-শিক্ষিকাদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর পাশাপাশি প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। শিক্ষককে শ্রদ্ধা জানানোর সঙ্গে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ উপস্থিত সকলের নজর কাড়ে।পড়ুয়াদের পক্ষ থেকে দেওয়া হয় গুরুত্বপূর্ণ বার্তা—“একটি গাছ, একটি প্রাণ। গাছ লাগান, জীবন বাঁচান।” শিক্ষক দিবসের মতো একটি বিশেষ দিনকে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার সঙ্গে যুক্ত করার এই উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা।প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের মতে, শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা নয়। পড়ুয়াদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা গেলে ভবিষ্যতে তার ইতিবাচক প্রভাব সমাজের উপর পড়বে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য মেরিটোরিয়াস এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল কাদির, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আনোয়ার হোসেন, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা।শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, পড়ুয়াদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং তার সঙ্গে পরিবেশ রক্ষার অভিনব বার্তা—সব মিলিয়ে সামসেরগঞ্জের নামো বাসুদেবপুরের আলমশাহীতে শিক্ষক দিবসের অনুষ্ঠান হয়ে উঠল ব্যতিক্রমী। পড়ুয়াদের এই উদ্যোগ আগামী দিনে আরও বেশি মানুষকে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করবে বলেই আশাবাদী উপস্থিত সকলে।