রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫১ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার | আপডেট: ০৮:৫১ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

সফিকুল ইসলাম,রঘুনাথগঞ্জ: জঙ্গিপুর আদালতে হাজির করার পথে পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই এক বন্দিকে ধরে ফেলা সম্ভব হলেও, অন্যজন বিলের পাশ দিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পলাতক বন্দির সন্ধানে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণশাইল মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে পুলিশ জানতে পারে, দু’জনই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাসিন্দা। এরপর আনারুল শেখ ও মোহাম্মদ রুবেল শেখ নামে তাঁদের গ্রেফতার করা হয়।

শুক্রবার ওই দু’জনকে জঙ্গিপুর আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, আদালতে পৌঁছনোর আগে পুলিশের গাড়ি থামিয়ে কিছু নথির জেরক্স করা হচ্ছিল। সেই সময় সুযোগ বুঝে গাড়ি থেকে নেমে দু’জন দৌড়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি নজরে আসতেই পুলিশ তাঁদের পিছু নেয়। স্থানীয় বাসিন্দারাও ধাওয়া করে।

পালানোর সময় রঘুনাথগঞ্জ বয়েজ স্কুলের পিছনে জাগরণী ক্লাব সংলগ্ন এলাকায় এক স্থানীয় বাসিন্দার তৎপরতায় এক বন্দিকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দা সঞ্জিত সিং জানান, পুলিশের গাড়ি ও লোকজনের হইচই দেখে তিনি ঘটনাটি বুঝতে পারেন। এরপর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়া বন্দিদের আটকানোর চেষ্টা করেন। প্রথমবার ব্যর্থ হলেও পরে গলির মধ্যে দৌড়ে যাওয়া এক ব্যক্তিকে ধরে ফেলেন। ধস্তাধস্তির সময় ড্রেনে পড়ে হাতে চোট লাগে বলেও দাবি তাঁর।

অন্যদিকে, দ্বিতীয় বন্দি বিল সংলগ্ন এলাকা দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে পুলিশ ওই এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে। আশপাশের গলি, বিলের পাড় এবং সম্ভাব্য পালানোর পথগুলিতেও নজরদারি চালানো হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ধৃত দু’জনই বাংলাদেশের নাগরিক। কী ভাবে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং তাঁদের সঙ্গে কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে পুলিশের গাড়ি থেকে দুই বন্দি কীভাবে পালানোর সুযোগ পেল, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। একজনকে ফের আটক করা গেলেও পলাতক অপর বন্দিকে ধরতে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।