নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:০৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার
ফরাক্কা, সফিকুল ইসলাম:টানা ভারী বৃষ্টিতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে কেবিন সংলগ্ন আপ লাইনে হঠাৎ ধস নামে। নিরাপত্তার কারণে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে বৃহস্পতিবার ভোররাত থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ এই রেলপথে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প পথে ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। রামপুরহাটের দিক থেকে আসা উত্তরবঙ্গগামী ট্রেনগুলিকে ফরাক্কার বল্লালপুর স্টেশনে ক্রসিং করিয়ে ডাউন লাইন বা সিঙ্গল লাইন দিয়ে ধীরগতিতে চালানো হচ্ছে। ফলে আপ ও ডাউন—দুই লাইনেই ট্রেন চলাচলের গতি কমে গিয়েছে। এর জেরে যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস ও দার্জিলিং মেলের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।
ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের শীর্ষ আধিকারিক ও কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ।
নিউ ফরাক্কা স্টেশন ম্যানেজার তন্ময় বিশ্বাস জানান, ধসের কারণে ট্রেন চলাচলে গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আপাতত সিঙ্গল লাইন ব্যবহার করে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর নিরাপত্তা নিশ্চিত করে সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করা হলেই স্বাভাবিক হবে ট্রেন চলাচল।
