বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ১৮ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৫ এএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার | আপডেট: ০৮:১৫ এএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: অনাস্থা ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামূল ইসলাম অপসারিত হলেন। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ পৌরসভা চত্বরে অনাস্থা প্রস্তাব নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে ২১ টি কাউন্সিলারের মধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫টি ভোট পড়ে, বিপক্ষে পড়েনি একটিও ভোট। ফলে ১৫–০ ভোটে অপসারিত হন চেয়ারম্যান।

সভাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সামশেরগঞ্জ থানার পক্ষ থেকে পৌরসভা চত্বরে পুলিশ মোতায়েন করা হয়।

চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, তিনি কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছিলেন না এবং পৌরবাসীও ঠিকমতো পরিষেবা পাচ্ছিলেন না। এই অভিযোগেই কাউন্সিলরদের একাংশ অনাস্থা প্রস্তাব আনেন।

বিষয়টি নিয়ে সামশেরগঞ্জের বিধায়ক নূর আলম বলেন, “এটা কোনও রাজনৈতিক গড় দখলের বিষয় নয়। পৌরসভায় স্বচ্ছতা আনা এবং মানুষকে সঠিক পরিষেবা দেওয়াই মূল উদ্দেশ্য। আগামী দিনে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে প্রথম বাধা আমিই হব বলে হুশিয়ারী দেন।

তিনি আরও বলেন, চেয়ারম্যান ঠিকমতো কাজ করছিলেন না, সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন এবং সমস্ত কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পৌরসভা পরিচালনা করা হচ্ছিল না। তাই স্বচ্ছভাবে পৌরসভা পরিচালনার লক্ষ্যেই কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব আনেন।

অন্যদিকে, কাউন্সিলর শাহজাহান মহলদার বলেন, “আজ অনাস্থা ভোটে ১৫–০ ভোটে চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। পৌরসভায় ঠিকমতো কাজ হচ্ছিল না, মানুষও সঠিক পরিষেবা পাচ্ছিলেন না। সেই কারণেই এই অনাস্থা।”

চেয়ারম্যান ইনজামামূল ইসলামের অপসারণের পর এবার ধুলিয়ান পৌরসভায় নতুন বোর্ড গঠন ঘিরে জল্পনা শুরু হয়েছে। আগামী দিনে নতুন বোর্ড কীভাবে পৌরসভা পরিচালনা করে, সাধারণ মানুষ কতটা পরিষেবা পান এবং স্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়—সেদিকেই এখন নজর।