বুধবার   ২৬ আগস্ট ২০২৬   ভাদ্র ১১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৫ এএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার | আপডেট: ১০:২৫ এএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার

মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি, শিক্ষা-স্বাস্থ্য-পরিবেশে একগুচ্ছ উদ্যোগ নিজস্ব সংবাদদাতা, মালদা: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা নিয়ে মালদা জেলা ও সংলগ্ন এলাকায় একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করল রোটারি ক্লাব অব সিল্ক সিটি মালদা। শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং পরিবেশ সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সংগঠনটি। ক্লাবের এই উদ্যোগে স্থানীয় মহলে প্রশংসা দেখা দিয়েছে। এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জোত আরাপুর পি.এন. হাই স্কুলে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর অভ্যাস, নিরাপদ পানীয় জল ব্যবহার এবং স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরা হয়। পড়ুয়াদের সুস্থ জীবনযাপনের জন্য দৈনন্দিন জীবনে কীভাবে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা যায়, সে বিষয়েও সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোত আরাপুর পি.এন. হাই স্কুলের প্রধান শিক্ষক পার্থ কর্মকার। রোটারি ক্লাব অব সিল্ক সিটি মালদার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজীব সরকার, সুমন ঝা-সহ অন্যান্য সদস্যরা। তাঁদের উপস্থিতিতে পড়ুয়াদের সঙ্গে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকেও এই ধরনের সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানানো হয়। ক্লাবের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ে WASH প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে হাত পরিষ্কার রাখা, নিরাপদ জল পান করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু শিক্ষা ও পরিচ্ছন্নতা নয়, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও একাধিক উদ্যোগ নিয়েছে রোটারি ক্লাব। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় অপুষ্ট শিশু ও মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি সম্পর্কে সচেতনতা এবং প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকার বহু মানুষ উপকৃত হচ্ছেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন এলাকায় ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, গাছের পরিচর্যা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে। রোটারি ক্লাব অব সিল্ক সিটি মালদার সদস্যদের বক্তব্য, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করাই তাঁদের অন্যতম লক্ষ্য। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০-এর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সেবার ক্ষেত্রে আগামী দিনেও ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী দিনে রক্তদান শিবির, পোলিও নির্মূল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। সংগঠনের এই ধারাবাহিক সামাজিক উদ্যোগ মালদায় স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠছে।