বৃহস্পতিবার   ০৬ আগস্ট ২০২৬   শ্রাবণ ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার | আপডেট: ১০:৫৮ এএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

সফিকুল ইসলাম,সামসেরগঞ্জ:Dhuliyan পৌরসভার চেয়ারম্যান ইনজামূল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন একই দলের ১৩ জন কাউন্সিলর। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে এই অনাস্থা প্রস্তাব জমা পড়ে। ঘটনাকে কেন্দ্র করে ধুলিয়ানের রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।

অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী কাউন্সিলরদের দাবি, লিখিতভাবে ১৩ জন স্বাক্ষর করলেও বাস্তবে ১৬ জন কাউন্সিলর তাঁদের অবস্থানকে সমর্থন করছেন। উল্লেখ্য, ধুলিয়ান পুরসভায় মোট কাউন্সিলরের সংখ্যা ২১ এবং বর্তমানে সকলেই তৃণমূল কংগ্রেসের সদস্য। ফলে একই দলের চেয়ারম্যানের বিরুদ্ধে দলেরই কাউন্সিলরদের এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে একাংশে।

প্রসঙ্গত, ২০২২ সালের পুরসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইনজামূল ইসলামকে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তবে সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে দলের একাংশের ক্ষোভ বাড়তে থাকে বলে অভিযোগ।

অনাস্থা প্রস্তাবকারী কাউন্সিলরদের অভিযোগ, রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন ধরে চেয়ারম্যান নিয়মিত পুরসভায় উপস্থিত থাকছিলেন না। এর জেরে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন নাগরিক পরিষেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলেও তাঁদের দাবি।

কাউন্সিলরদের বক্তব্য, পুরসভার স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং নাগরিক পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যেই তাঁরা এই অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হয়েছেন।

এখন এই অনাস্থা প্রস্তাবের পরবর্তী প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া কীভাবে এগোয় এবং শেষ পর্যন্ত dhuliyan পুরসভার নেতৃত্বে কোনও পরিবর্তন আসে কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও এলাকার বাসিন্দাদের।