বুধবার   ২২ জুলাই ২০২৬   শ্রাবণ ৬ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৪ পিএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১০:০৪ পিএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার

যুবসমাজকে মোবাইলের নেশা থেকে দূরে সরিয়ে মাঠে ফেরানোর লক্ষ্যে জঙ্গিপুর পুলিশ জেলার সাগরদিঘি থানার উদ্যোগে ও সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় আয়োজিত হলো ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবল প্রতিযোগিতা। গত ১২ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ৪৮টি দলের ৫৭৬ জন খেলোয়াড় অংশ নেন। রবিবার সাগরদিঘি এস.এন. হাই স্কুল মাঠে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে কিসমতগাদী দল ২-১ গোলে বাউরা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
​মূল আকর্ষণ হিসেবে ছিল মেয়েদের প্রদর্শনী ফুটবল ম্যাচ এবং ‘অরণ্য সপ্তাহ’ উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা। বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কারের পাশাপাশি পরিবেশকর্মী সঞ্জীব দাসের পক্ষ থেকে চারাগাছও তুলে দেওয়া হয়। জঙ্গিপুর পুলিশ সুপার সুরেন্দার সিংহ ও সাগরদিঘি থানার ওসি অরিজিৎ সরকার জানান, গ্রামীণ প্রতিভাকে তুলে আনা এবং তরুণ প্রজন্মকে সুস্থ জীবনযাত্রায় উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে এই আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছে।
এদিন  উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার সুরেন্দার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ সরকার, সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন সাগরদিঘি সাংস্কৃতিক মঞ্চের অন্যতম সদস্য শিক্ষক শচীন পাল, নাট্যকার রবীন দত্ত, সমাজসেবী অরূপ মন্ডল, শিক্ষক মঙ্গলচন্দ্র দাস, সন্দীপ ভগত,  সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।