নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩২ পিএম, ১৭ জুলাই ২০২৬ শুক্রবার | আপডেট: ১১:৩২ পিএম, ১৭ জুলাই ২০২৬ শুক্রবার
সামশেরগঞ্জের দীর্ঘদিনের গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে ধারাবাহিকভাবে উদ্যোগ নিয়ে চলেছেন সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম। তাঁর আবেদন ও প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের সেচ (ইরিগেশন) দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা সামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন রোধে প্রায় ৩,৬০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে।
বিধায়ক নুর আলম জানান, চলতি মাসের ৩ জুলাই তিনি প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করে সামশেরগঞ্জের ভয়াবহ গঙ্গা ভাঙনের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন এবং দ্রুত এলাকাটি পরিদর্শনের অনুরোধ জানান। সেই আবেদনের পরই কয়েক দিনের মধ্যে প্রিন্সিপাল সেক্রেটারির এই পরিদর্শনকে তিনি ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শুক্রবার প্রথমে ফারাক্কার এনটিপিসি ফিল্ড হোস্টেলে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর নিমতিতা ঘাট থেকে নৌকায় গঙ্গাবক্ষে ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রিন্সিপাল সেক্রেটারি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম,,সামশেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল, আইসি সুব্রত ঘোষ-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধি।বিধায়ক নুর আলম বলেন"সামশেরগঞ্জের মানুষ বছরের পর বছর গঙ্গা ভাঙনের যন্ত্রণা সহ্য করছেন। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমি সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে ধারাবাহিকভাবে বিষয়টি তুলে ধরেছি। আশা করছি, প্রস্তাবিত মেগা প্রকল্প বাস্তবায়িত হলে সামশেরগঞ্জের মানুষ স্থায়ীভাবে এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।পাশাপাশি চলতি বাজেটে গঙ্গা ভাঙন প্রতিরোধের প্রাথমিক কাজের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।" মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন রোধে প্রস্তাবিত প্রায় ৩,৬০০ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়িত হলে সামশেরগঞ্জ-সহ বিস্তীর্ণ ভাঙন কবলিত এলাকার মানুষের বহু বছরের দাবি পূরণ হবে।
