বাবা, তুমি আজও আমাদের আলো
ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৭:৩৫ পিএম, ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার
বাবা, তুমি আজও আমাদের আলো
কলমে: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
আমাদের বাবার ইন্তেকালের নয় বছর পূর্ণ হলো। দেখতে দেখতে সময় অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু বাবাকে হারানোর শূন্যতা আজও হৃদয়ের গভীরে ঠিক প্রথম দিনের মতোই রয়ে গেছে। গত নয়টি বছর আমরা তিন ভাই বাবাহারা—এই বাস্তবতা আজও মেনে নেওয়া কঠিন।
ছোটবেলায় বাবাকে কঠোর, নিয়মানুবর্তী এবং আপসহীন একজন মানুষ বলেই চিনতাম। তাঁর শাসন তখন অনেক সময় ভালো লাগত না। কিন্তু আজ বুঝি, সেই প্রতিটি শাসনের আড়ালে ছিল সীমাহীন ভালোবাসা, অগণিত ত্যাগ আর আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার অক্লান্ত চেষ্টা।
জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বাবার শিক্ষা আমাকে পথ দেখায়। অন্যায়ের কাছে মাথা নত না করা, দায়িত্ব থেকে কখনো পিছু না হটা, মানুষের প্রতি সততা ও মানবিকতা—এসবই তাঁর অমূল্য উপহার। আজ আমি নিজেও একজন বাবা। তাই আরও গভীরভাবে উপলব্ধি করি, একজন বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্নকে বাঁচিয়ে রাখেন, নিজের কষ্ট লুকিয়ে রেখে সন্তানের মুখে হাসি ফোটান।
বাবা, জীবদ্দশায় হয়তো বলা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি—আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার শাসন, ত্যাগ, নীরব মমতা ও দোয়ার ঋণ কোনো দিন শোধ করার নয়। তুমি নেই, কিন্তু তোমার আদর্শ, তোমার শিক্ষা আর তোমার ভালোবাসা আজও আমাদের পথচলার আলোকবর্তিকা।
মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা—তিনি যেন আমাদের প্রিয় বাবাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করে দেন।
*রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা।*
*আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আসকিনহুল জান্নাতাল ফিরদাউস। আমিন।*
