বিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম টোটোচালক, পলাতক চালক
Altamas Kabir
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০৩ পিএম, ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার
বিটি রোডে ফের ঘটল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার বেলা প্রায় ১২টা নাগাদ রথতলা এলাকায় এই ঘটনায় গুরুতর জখম হন এক টোটোচালক। দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ডানলপের দিক থেকে আসা একটি যাত্রীবাহী চার চাকার গাড়ি প্রথমে এক ডেলিভারি বয়ের স্কুটিতে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রবল গতিতে সামনে থাকা একটি টোটোর পিছনে সজোরে ধাক্কা দেয়। সেই সময় টোটোটির সামনে একটি ট্রাক দাঁড়িয়ে থাকায় পিছনের ধাক্কায় সেটি ট্রাকের গায়েও সজোরে আছড়ে পড়ে। ফলে সামনে ও পিছন—দু'দিক থেকেই চাপে পড়ে দুমড়ে-মুচড়ে যায় টোটোটি।
এই দুর্ঘটনায় গুরুতর আহত হন টোটোচালক বেলঘড়িয়ার উত্তর বাসুদেবপুরের বাসিন্দা শংকর দাস। স্থানীয় বাসিন্দা ও ট্রাফিক পুলিশের তৎপরতায় তাঁকে উদ্ধার করে দ্রুত সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী গাড়িটিতে চালক-সহ মোট তিনজন ছিলেন। তবে তাঁদের কারও আঘাত লাগেনি। দুর্ঘটনার পরই গাড়ি থেকে নেমে চালক পালিয়ে যায় বলে অভিযোগ।
অফিস টাইমে এই দুর্ঘটনার জেরে বিটি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
