বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

Altamas Kabir

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২২ পিএম, ৮ জুলাই ২০২৬ বুধবার | আপডেট: ০৯:২২ পিএম, ৮ জুলাই ২০২৬ বুধবার

ইরানের সঙ্গে সংঘর্ষবিরতি কার্যত শেষ বলে ঘোষণা করার পর ফের সামরিক হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটো সম্মেলনের ফাঁকে তিনি জানান, বুধবার রাতেই ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযান চালানো হতে পারে। পাশাপাশি ইরানি নেতৃত্বের কড়া সমালোচনা করে তিনি দাবি করেন, পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ কোনওভাবেই ইরানকে দেওয়া হবে না।

আঙ্কারায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আগের রাতের হামলায় ইরানকে কঠোর আঘাত করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী আবারও হামলা চালানো হতে পারে। তাঁর অভিযোগ, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পিছনে ইরানের ভূমিকা রয়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

এর আগে হরমুজ প্রণালীতে তিনটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। মার্কিন প্রশাসনের দাবি, এই হামলার সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর যোগ রয়েছে। এর কিছু পরেই ইরানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ্যে আসে। পাল্টা প্রতিক্রিয়ায় বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে তেহরান।

ট্রাম্প আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করাই এই সংঘাতের অন্যতম লক্ষ্য। তাঁর দাবি, এ বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছিল, যদিও ইরান সেই দাবি অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্টের মতে, ইরান যদি পরমাণু অস্ত্রের অধিকারী হয়, তবে তা ব্যবহার করতেও পিছপা হবে না। তাই তাদের সেই সুযোগ দেওয়া হবে না।

যদিও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প, তবু বর্তমান পরিস্থিতিতে শান্তি আলোচনা খুব বেশি ফলপ্রসূ হবে বলে তিনি মনে করছেন না। সংঘাতের নতুন পর্বে পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।