রোববার   ১৬ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ধুলিয়ানের তৃণমূল কাউন্সিলর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৪ এএম, ২৮ জুন ২০২৬ রোববার | আপডেট: ১০:০৪ এএম, ২৮ জুন ২০২৬ রোববার

সফিকুল ইসলাম,মুর্শিদাবাদ: আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সারিফ শেখ ওরফে হাড্ডি। শুক্রবার গভীর রাতে সামশেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ানে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে সারিফ শেখের বিরুদ্ধে। কয়েক দিন আগে কয়েকজন মহিলা সামশেরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের পর শুক্রবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর সামশেরগঞ্জ থানায় নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

শনিবার ধৃত কাউন্সিলরকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাঁর সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাই সামশেরগঞ্জ থানার পুলিশ।

উল্লেখ্য, ধুলিয়ান পৌরসভার প্রাক্তন প্রশাসক মেহবুব আলমের গ্রেপ্তারের পর এবার আরও এক তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তার ঘিরে ধুলিয়ান-সহ গোটা মুর্শিদাবাদে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত চলছে।