বৃহস্পতিবার   ২৫ জুন ২০২৬   আষাঢ় ১০ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নৌকা থেকে নামার মুহূর্তেই বিপর্যয়, বজ্রাঘাতে মৃত ৪, আহত ১৫

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৪ জুন ২০২৬ বুধবার | আপডেট: ০৯:২৯ এএম, ২৪ জুন ২০২৬ বুধবার

সফিকুল ইসলাম: Murshidabad এর Dhuliyan কলাবাগন ঘাট থেকে মালদার শোভাপুর ঘাটের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী নৌকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। প্রতিদিনের মতোই প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি গঙ্গা পেরিয়ে শোভাপুর ঘাটে পৌঁছেছিল। কিন্তু ঘাটে নামার কয়েক মুহূর্তের মধ্যেই আচমকা আকাশ কালো করে নামে প্রবল বৃষ্টি, সঙ্গে শুরু হয় তীব্র বজ্রবিদ্যুৎ। আর সেই সময়ই ঘটে যায় এই ভয়ঙ্কর বিপর্যয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হতেই মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন একাধিক যাত্রী। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্তত প্রায় ১৫ জন বলে জানাযায়। বজ্রাঘাতে আহতদের আর্তচিৎকারে মুহূর্তে শোক ও আতঙ্কে ঢেকে যায় গোটা ঘাট চত্বর। স্বজনদের কান্না, ছুটোছুটি আর অসহায় চিৎকারে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের উদ্যোগে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। কয়েকজন আহতকে মালদার হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অধিকাংশকেই সামশেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে Jangipur মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই আকস্মিক ঘটনায় ধুলিয়ান ও শোভাপুর এলাকায় নেমে এসেছে তীব্র শোকের ছায়া। যারা কয়েক মুহূর্ত আগেও পরিবারের কাছে ফেরার স্বপ্ন নিয়ে নৌকায় চেপেছিলেন, তাদের মধ্যেই চারজন আর বাড়ি ফিরতে পারলেন না। স্বজন হারানোর যন্ত্রণা আর আহতদের জীবন-মৃত্যুর লড়াইয়ে স্তব্ধ দুই পাড়ের মানুষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন আসাদুল্লাহ শেখ (৮০) বাড়ি পারদেওনাপুর, আনসার শেখ(৪৫) বাড়ি পারদেওনাপুর, একরামুল শেখ (৮০) শোভাপুর এবং কোচি শেখ(২৫) বাড়ি পারদেওনাপুর। মৃতদের সকলের বাড়ি মালদার জেলায়।

প্রশাসন সূত্রে আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে পরবর্তী সময়ে সূত্রে জানাযায় আহতর সংখ্যা ২ জন বেড়ে ১৭ জন হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন ছিল Shamserganj থানার পুলিশ।