জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার | আপডেট: ০৩:৪৭ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার
রাজ্য সরকারের উদ্যোগে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফরাক্কার বল্লালপুর কৃষক বাজার অফিস প্রাঙ্গণে সোমবার অনুষ্ঠিত হলো জনকল্যাণ শিবির। বল্লালপুর কৃষক বাজার অফিস প্রাঙ্গণে জনকল্যাণ শিবির পরিদর্শনে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা সুনীল চৌধুরী। অনুষ্ঠিত এই শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে সকাল থেকেই ভিড় জমান বহু মানুষ। শিবিরে উপস্থিত হয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন এবং পরিষেবার মান সম্পর্কে খোঁজখবর নেন তিনি।স্থানীয়দের একাংশের মতে, নির্বাচনের ফল যাই হোক না কেন, সুনীল চৌধুরী এখনও এলাকার মানুষের কাছে সহজলভ্য নেতা হিসেবেই পরিচিত। জনকল্যাণ শিবিরে তাঁর সক্রিয় উপস্থিতি সেই জনসংযোগের ধারাবাহিকতাকেই আরও একবার সামনে নিয়ে এল।পরিদর্শনের সময় সুনীল চৌধুরী ও ফরাক্কার বিডিও-র সঙ্গে শিবিরের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জনধন যোজনা, জীবন জ্যোতি বিমা, সুরক্ষা বিমা, অটল পেনশন যোজনা, উজ্জ্বলা যোজনা-সহ একাধিক প্রকল্পের পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।এদিন তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনকল্যাণ শিবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ এক জায়গায় বিভিন্ন প্রকল্পের সুবিধা ও আবেদন করার সুযোগ পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান । তিনি বলেন, মানুষের কল্যাণে বর্তমান সরকার যে জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, তার সুফল ইতিমধ্যেই সাধারণ মানুষ পেতে শুরু করেছেন। ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।শিবিরে উপস্থিত বহু মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এক ছাদের তলায় একাধিক সরকারি পরিষেবা পাওয়ায় তাঁদের সময় ও হয়রানি অনেকটাই কমেছে। জনকল্যাণ শিবিরকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ।
