সঞ্জীবের জন্মদিনে প্রতিকৃতি এঁকে নজির গড়ল নদিয়ার ক্ষুদে শিল্পী অঙ্কুশী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার | আপডেট: ০৩:১৩ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার
ছবির রং আর তুলির টানে সমাজসেবার প্রতি শ্রদ্ধা জানাল নদিয়ার নাজিরপুরের অষ্টম শ্রেণির ছাত্রী অঙ্কুশী সরকার। ‘রক্তযোদ্ধা ও পরিবেশ বন্ধু’ হিসেবে পরিচিত সঞ্জীব দাসের প্রতিকৃতি এঁকে তা তাঁকে উপহার দিল এই ক্ষুদে শিল্পী।নদিয়া জেলার নাজিরপুরের বাসিন্দা অঙ্কুশীর বাবা মানবেন্দ্র সরকার। ছবি আঁকার জগতে তার হাতেখড়ি হয়েছিল মা তিথি সরকারের হাত ধরে। মায়ের কাছ থেকে পাওয়া প্রথম পাঠই ধীরে ধীরে অঙ্কুশীর সবচেয়ে প্রিয় বিষয় হয়ে ওঠে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বড় মঞ্চ ও প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিমধ্যেই একাধিক সম্মানে ভূষিত হয়েছে অঙ্কুশী। ভবিষ্যতে একজন দক্ষ চিত্রশিল্পী হয়ে ওঠাই তার লক্ষ্য। ছবি আঁকার পাশাপাশি নৃত্যচর্চাতেও সমান আগ্রহী এই কিশোরী।সম্প্রতি সমাজসেবী সঞ্জীব দাসের কাজে অনুপ্রাণিত হয়ে তাঁর প্রতিকৃতি এঁকেছে অঙ্কুশী। রক্তদান ও পরিবেশ রক্ষায় সঞ্জীব দাসের ভূমিকা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে বলে জানায় সে। নিজের হাতে আঁকা ছবিটি সঞ্জীব দাসের হাতে তুলে দিয়ে কৃতজ্ঞতা জানায় ক্ষুদে শিল্পী।অঙ্কুশীর এই প্রচেষ্টা স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে। শিক্ষক ও অভিভাবকদের আশা, অধ্যবসায়ের জোরে অঙ্কুশী একদিন শিল্পজগতে নিজের পরিচয় প্রতিষ্ঠা করবে।
