হুমায়ুনের বিরুদ্ধে সিউড়িতে FIR, পাল্টা তৃণমূলকে দায়
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৪৬ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার | আপডেট: ০১:৪৬ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার
বিধানসভা ভোটের আগে ফের বিতর্কে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। বীরভূমের সিউড়ি থানায় তাঁর বিরুদ্ধে ‘মেরুকরণ’ এবং ‘সাম্প্রদায়িক উস্কানি’র অভিযোগে একটি জ়িরো এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ করেছেন ‘রাষ্ট্রীয় অল্পসংখ্যক আরক্ষণ মোর্চা’-র সর্বভারতীয় সভাপতি হাজি মহম্মদ পারভেজ সিদ্দিকি। তাঁর দাবি, অর্থের বিনিময়ে ভোটে মেরুকরণের চেষ্টা করছেন হুমায়ুন এবং একটি ভাইরাল ভিডিওয় তাঁর বক্তব্য মুসলিম সমাজে ক্ষোভের সৃষ্টি করেছে। বিশেষ করে বাবরি মসজিদ প্রসঙ্গে করা মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে বলে অভিযোগ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবীর। তাঁর পাল্টা দাবি, এর নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস-এর চক্রান্ত। ভোটের আগে সংখ্যালঘু ভোটারদের বিভ্রান্ত করতেই বাইরে থেকে লোক ভাড়া করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আগাম জামিন নেবেন না এবং আইনি পথেই লড়াই চালাবেন।
উল্লেখযোগ্য, এর আগেও ময়দান এবং রেজিনগর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই রেজিনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সব মিলিয়ে ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।
