নুর আলমকে প্রার্থী করতেই সামশেরগঞ্জে তৃণমূলের জোয়ার, বিজেপি-কংগ্রেস ছেড়ে দলে দলে যোগদান
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার | আপডেট: ০৭:৩৪ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার
ধুলিয়ান থেকে নিজস্ব তোলা ছবিতে সাংসদ খলিলুর রহমান ও তৃণমূল প্রার্থী নুর আলমের উপস্থিতিতে কংগ্রেস ও বিজেপি থেকে তৃণমূলে যোগদান।
সফিকুল ইসলাম,জঙ্গিপুর: সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী হিসেবে নুর আলমের নাম ঘোষণার পর থেকেই বদলে যেতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ। দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব যেখানে প্রকাশ্যে চোখে পড়ত, সেখানে এখন ঐক্যের বার্তা স্পষ্ট—আর তারই প্রতিফলন মিলল ধুলিয়ানের বিশাল র্যালিতে।
বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ ইশা কোম্পানির মোড় থেকে কাঞ্চনতলা ঘাট পর্যন্ত এক বিশাল মিছিল বের হয়। এই র্যালিতে অংশ নেন তৃণমূলের প্রার্থী নুর আলম, জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান সহ দলের অসংখ্য কর্মী-সমর্থক। মিছিল জুড়ে ছিল উৎসাহ, উদ্দীপনা এবং একসঙ্গে লড়াইয়ের অঙ্গীকার।
প্রার্থী হওয়ার পর থেকেই নুর আলম বার্তা দিয়েছেন, “আমি নয়, আমরা—তৃণমূলের সবাই সমান কর্মী।” তাঁর এই আহ্বানেই দলে গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই মিটেছে তা দেখা যাচ্ছে। এবং রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা মনে করছেন। কর্মী-সমর্থকদের মধ্যেও দেখা যাচ্ছে নতুন উদ্দীপনা।
এদিন র্যালির মঞ্চ থেকেই বড়সড় যোগদানের ছবি সামনে আসে। বিজেপি থেকে প্রায় ৬০ জন মহিলা ও যুবক নুর আলমের হাত ধরে তৃণমূলে যোগ দেন। পাশাপাশি ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আমিরুলের নেতৃত্বে তাঁর প্রায় ৫০-৬০ জন সমর্থকও তৃণমূল কংগ্রেসে শামিল হন।
নুর আলম বলেন, “মানুষ বুঝে গিয়েছে তৃণমূল কংগ্রেস ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই দল-মত নির্বিশেষে সকলে যোগদান করছেন।” তিনি আরও আশাবাদী, আগামী দিনে এই সমর্থন আরও বাড়বে। তৃণমূল ছাড়া উন্নয়ন করা সম্ভব নয় তামানুষ বুঝতে পেরেছে। যার জন্য ১০০% আশাবাদী বলে জানান।
এদিন উপস্থিত খলিলুর রহমান বলেন, “এই যোগদান দলকে আরও শক্তিশালী করবে। কর্মীদের উৎসাহই প্রমাণ করছে, সামশেরগঞ্জে নুর আলমের জয় প্রায় নিশ্চিত।”
ভোটের আগে এসআইআর সাপ্লিমেন্টারি তালিকায় বহু ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, “বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনা খরচে ট্রাইব্যুনালে লড়াইয়ের আশ্বাস দিয়েছেন।”
সব মিলিয়ে, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ঐক্যের পথে হেঁটে সামশেরগঞ্জে জয়ের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল—এটাই এখন স্পষ্ট বার্তা।
