জয়দেব কেন্দুলিতে চার কৃতির স্মরণসভা
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:১১ পিএম, ২২ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০৫:১১ পিএম, ২২ মার্চ ২০২৬ রোববার
সম্প্রতি জেলার চার প্রান্তে চার কৃতি সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ রাঙামাটি বীরভূম। প্রয়াত কবি ও গীতিকার তথা চারণ কবি নারায়ণ কর্মকার, সমাজচিন্তক ভারতজ্যোতি রায়চৌধুরী, শৈলেন মিশ্র এবং সাহিত্যিক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিজয় কুমার দাসের স্মৃতিতে রবিবার এক স্মরণসভার আয়োজন করা হয় জয়দেব কেন্দুলির ভক্তিভবনে।
“চণ্ডীদাস” ও “নবলোক” পত্রিকার যৌথ উদ্যোগে এবং জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আত্মজনেরা চার কৃতি ব্যক্তিত্বের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রণজিৎ মুখোপাধ্যায়, কামাল আহসান, নীলোৎপল ভট্টাচার্য, ড. রবিন ঘোষ, সৈয়দ মৈনুদ্দিন হোসেন, গদাধর বন্দ্যোপাধ্যায় ও সন্তোষ কর্মকারসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। বক্তারা তাঁদের জীবন, সাহিত্যচর্চা, সামাজিক ও রাজনৈতিক অবদানের নানা দিক তুলে ধরেন। তাঁদের প্রয়াণে জেলার সাংস্কৃতিক ও বৌদ্ধিক পরিমণ্ডলে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে, তা বিশেষভাবে উল্লেখ করেন সকলে।
কথা, কবিতা, বাউল সঙ্গীত ও সাহিত্যচর্চার আবহে স্মরণসভাটি এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। যেন বীরভূমের কৃষ্টি ও ঐতিহ্যের এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
এদিন “চণ্ডীদাস” পত্রিকার পক্ষ থেকে আনারুল হকের সম্পাদনায় একটি স্মরণ সংখ্যা প্রকাশিত হয়। পাশাপাশি কয়েকজন লেখকের নতুন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও করা হয় মঞ্চ থেকেই।
নবলোক পত্রিকার সম্পাদক রাসবিহারী শীল, কবি অসীম শীল এবং জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির সদস্যদের সহযোগিতা ও আন্তরিক আপ্যায়নে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
