বুধবার   ২৭ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রার্থী বদলের দাবিতে বিজেপির হাইভোল্টেজ বিক্ষোভ, উত্তাল বৈষ্ণবনগর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪২ পিএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪২ পিএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

প্রার্থী বদলের দাবিতে বিজেপির হাইভোল্টেজ বিক্ষোভ, উত্তাল  বৈষ্ণবনগর 

 

৫৪ নম্বর বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিজেপির অন্দরে তীব্র অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটল হাইভোল্টেজ বিক্ষোভে। প্রার্থী ঘোষণার পর থেকেই ক্ষোভ দানা বাঁধছিল, অবশেষে তা রাস্তায় নেমে আসে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে।

বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় নেতৃত্ব ও দীর্ঘদিনের সংগঠকদের উপেক্ষা করে আরএসএস-ঘনিষ্ঠ প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে। এতে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে প্রার্থী বদল করে এমন কাউকে মনোনয়ন দিতে হবে যিনি দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত এবং মানুষের কাছে গ্রহণযোগ্য।

বিক্ষোভ চলাকালীন দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তোলেন ক্ষুব্ধ কর্মীরা। অনেকেই সরাসরি দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। যদিও আনুষ্ঠানিকভাবে কেউই প্রকাশ্যে মন্তব্য করতে চাননি, কিন্তু বিক্ষোভের মাত্রা থেকেই পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট।

স্থানীয় সূত্রে খবর, প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার এবং জেলা নেতৃত্বের গুরুত্বপূর্ণ মুখ তারক ঘোষ-কে উপেক্ষা করায় এই ক্ষোভ আরও তীব্র হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের প্রকাশ্য বিক্ষোভ বিজেপির সংগঠনিক শক্তিতে প্রভাব ফেলতে পারে। যদিও দলীয়ভাবে এখনও পর্যন্ত এই ইস্যুতে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।