সাগরদিঘী মুর্শিদাবাদ
ঈদ উপলক্ষে সম্প্রীতি সভা ও সতর্ক বার্তা সাগরদিঘী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
আনারুল হক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪৭ পিএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
গত এক মাস ধরে চলছে পবিত্র রমজান মাস, আর মাত্র দুইদিন পরেই খুশির উৎসব ঈদুল ফিতর।
ঈদ উৎসবকে সামনে রেখে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখ তে সাগরদিঘী থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা তথা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিগন অর্থাৎ এলাকার প্রধান, ধর্মীয় ইমাম পুরোহিত সহ স্থানীয় বাসিন্দারা। সভায় ঈদের দিন আইন-শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ সরকার সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বিশেষভাবে যুব সমাজকে সচেতন করে বলেন, ঈদের দিন বেপরোয়া গতিতে বাইক চালানো থেকে বিরত থাকতে হবে এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে।
পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর কোনো পোস্ট না করার আহ্বান জানান তিনি। শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও বৈঠক থেকে সকল ধর্মের মানুষকে একসঙ্গে মিলেমিশে উৎসব উদযাপনের বার্তা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন এলাকায় কড়া নজরদারি থাকবে যাতে কোনোভাবেই আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে। সাগরদিঘী থানার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পাশাপাশি ইমাম মুয়াজ্জিন রাও মসজিদে মসজিদে বিশেষ সম্প্রীতির বার্তা দিবেন এমনটাও আলোচনা করলেন।
