বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সিউড়ি বিধানসভায় কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৫ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ১০:০৫ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

সিউড়ি বিধানসভায় কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন রাজনগরে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তারই অঙ্গ হিসেবে রবিবার সিউড়ি বিধানসভার অন্তর্গত রাজনগর বাসস্ট্যান্ড এলাকায় ফিতে কেটে কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়।

প্রবীণ কংগ্রেস নেতা গৌরী শংকর মন্ডল আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক সঞ্জয় অধিকারী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

দোড়গোড়ায় ২০২৬-এর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সংগঠন মজবুত করা এবং ভোটব্যাঙ্ক বাড়ানোর লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে। সেই প্রেক্ষিতেই রাজনগরে এই নির্বাচনী কার্যালয় চালু করা হলো বলে জানান নেতৃত্বরা। এখানে কংগ্রেস কর্মীরা নির্বাচনী কৌশল, প্রচার পরিকল্পনা এবং সাংগঠনিক বিষয় নিয়ে নিয়মিত বৈঠক করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সঞ্জয় অধিকারী বলেন, “রাজনগরের মাটি কংগ্রেসের মাটি। আগামী বিধানসভা নির্বাচনে এখান থেকে কংগ্রেস ভালো ফল করবে।” তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতে কর্মীদের উপস্থিতি আগের তুলনায় বেড়েছে, যা সংগঠনের পক্ষে ইতিবাচক ইঙ্গিত।

কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, জাতি–ধর্ম–দলমত নির্বিশেষে যে কেউ প্রয়োজনে এই কার্যালয়ে এলে কংগ্রেস কর্মীরা পাশে থাকবেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দিলীপ রায়, জাভেদ আনসারি, বিবেকানন্দ সাউ, জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক আব্দুল নাঈম, অমর মালি, বুদ্ধদেব দাস সহ অন্যান্য নেতাকর্মীরা। উদ্বোধন ঘিরে রাজনগর এলাকায় কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়।