খামেনেইয়ের পর অন্তর্বর্তী কাউন্সিল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:১৫ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০২:১৫ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর দেশ পরিচালনার জন্য তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল গঠন করা হয়েছে। ইরানের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান, বিচারব্যবস্থার প্রধান এবং অভিভাবক কাউন্সিলের এক আইন বিশেষজ্ঞকে নিয়ে আপাতত এই কাউন্সিল দেশ চালাবে।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তন নিয়ে হামলার অন্তত দু’সপ্তাহ আগে থেকেই হিসাব কষেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। ইরানের নির্বাসিত যুবরাজ রেজ়া পাহলভির নামও সম্ভাব্য রাজনৈতিক বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে।
তেহরানের দাবি, শনিবার নিজের অফিসে কাজ করার সময় হামলায় নিহত হন খামেনেই। ঘটনায় তাঁর পরিবারের একাধিক সদস্যেরও মৃত্যু হয়েছে। দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড ইজ়রায়েল ও আমেরিকার ঘাঁটিতে পাল্টা ‘তীব্র হামলা’র হুঁশিয়ারি দিয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী কাউন্সিলই প্রশাসনিক দায়িত্ব সামলাবে।
