রোববার   ২৬ এপ্রিল ২০২৬   বৈশাখ ১৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ভোরে হামলার নেপথ্য কারণ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:০৫ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার | আপডেট: ০২:০৫ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

ইরানের রাজধানী তেহরানে শনিবার ভোরেই যৌথ সামরিক অভিযান চালায় আমেরিকা ও ইজ়রায়েল। লক্ষ্য ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতেই হামলার সময় নির্ধারণ করা হয়েছিল বলে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে।

মার্কিন প্রশাসনিক সূত্রের দাবি, শনিবার সন্ধ্যায় বৈঠকের পরিকল্পনা থাকলেও খামেনেই সকালে বৈঠক করবেন— এমন তথ্য পায় ইজ়রায়েলি গোয়েন্দারা। ফলে সম্ভাব্য নিরাপত্তা বদল বা বাঙ্কারে সরে যাওয়ার সুযোগ এড়াতে হামলার সময় এগিয়ে আনা হয়। ভোরেই তেহরানে তাঁর সুরক্ষিত কম্পাউন্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

উপগ্রহচিত্রে খামেনেইয়ের বাসভবন ও দফতর ধ্বংসের ছবি ধরা পড়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার সময় দফতরে উপস্থিত অবস্থাতেই নিহত হন খামেনেই। হামলায় তাঁর পরিবারের কয়েক জন সদস্যেরও মৃত্যু হয়েছে বলে দাবি।

এই হামলার পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে পৌঁছায়। ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে খবর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সামরিক অভিযান চলতে পারে। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।