ভবানীপুরে মমতাকে হারানোর চ্যালেঞ্জ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০৮:৫৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে আসন্ন ভোটকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ফের চড়ল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার এলাকায় গিয়ে দাবি করেন, ভবানীপুরে মমতাকে পরাজিত করতে বিজেপি সম্পূর্ণ প্রস্তুত। তাঁর অভিযোগ, চক্রবেড়িয়া রোডে দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় বিজেপির পতাকা পোড়ানো হয়েছে। এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
শুভেন্দুর বক্তব্য, এ ভাবে বিজেপিকে রোখা যাবে না এবং ভবানীপুরে হারের আশঙ্কাতেই শাসকদলের সমর্থকেরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তিনি ‘কাটমানি পুর-প্রতিনিধি’দের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, বিজেপি ক্ষমতায় এলে অভিযোগের ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং ‘জঙ্গলরাজ’ উপড়ে ফেলা হবে। তাঁর সঙ্গে দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য-সহ দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, গোটা ঘটনাই বিজেপির তৈরি ‘চিত্রনাট্য’। তাঁর দাবি, শুভেন্দুর জনসমর্থন থাকলে তিনি নিজেই ভবানীপুর থেকে প্রার্থী হয়ে লড়ুন।
ভবানীপুরকে ঘিরে শাসক-বিরোধী তরজা নতুন নয়। তবে ভোটের আগে এই অভিযোগ-প্রতিআভিযোগে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট
