রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কেরালায় কাজে গিয়ে নিখোঁজ ধুলিয়ানের যুবক,উদ্বেগে পরিবার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ১০:২৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

কেরালার এর্নাকুলাম স্টেশনে শেষ দেখা, তারপর থেকে উধাও ধুলিয়ানের রেজাউল মমিন, নিজস্ব চিত্র

কেরালার এর্নাকুলাম স্টেশনে শেষ দেখা, তারপর থেকে উধাও ধুলিয়ানের রেজাউল মমিন, নিজস্ব চিত্র

সামশেরগঞ্জ: রুজি-রোজগারের টানে কেরালায় রাজমিস্ত্রির কাজে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজাউল মোমিন (৩৭)। ঘটনাকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ১ তারিখ রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে কেরালার উদ্দেশে রওনা দেন রেজাউল মোমিন। ৩ তারিখ রাতে প্রায় বারোটা নাগাদ পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন সুইচ অফ হয়ে যায় রেজাউলের পরিবারের দাবি, তাঁর ব্রেন সংক্রান্ত শারীরিক সমস্যা রয়েছে, যার ফলে নিখোঁজ হওয়ার ঘটনাটি নিয়ে আরও বেশি চিন্তিত তাঁরা। যাদের সঙ্গে তিনি কাজে গিয়েছিলেন, তাঁদের কাছ থেকে পরিবার জানতে পেরেছে—৫ তারিখ বিকেল চারটে নাগাদ কেরালার এর্নাকুলাম রেল স্টেশনে রেজাউল মোমিনকে শেষবার দেখা গিয়েছিল।এদিকে দীর্ঘ সময় কোনো খোঁজ না মেলায় ৫ তারিখ সামশেরগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ রেজাউল মোমিনের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছে পরিবার।