রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চেন্নাইয়ে কাজ করতে গিয়ে হরিহরপাড়ার শ্রমিকের রহস্যমৃত্যু,খুনের অভিযোগ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০৯:৪৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

সফিকুল ইসলাম,মুর্শিদাবাদ: তামিলনাড়ুর চেন্নাইয়ে নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হরিহরপাড়া থানার শ্রীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম আলাউদ্দিন শেখ। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে কাজের সন্ধানে চেন্নাইয়ে যান আলাউদ্দিন। সেখানে একটি নির্মাণ সংস্থায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। বুধবার বিকেলে হঠাৎ তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছায়। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

মৃতের স্ত্রী মানসুরা বিবির অভিযোগ, টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরে আলাউদ্দিনকে তাঁরই এক সহকর্মী খুন করেছে। তিনি দাবি করেন, কয়েক দিন আগেও ওই সহকর্মী তাঁর স্বামীর উপর হামলার চেষ্টা করেছিল। বিষয়টি নিয়ে স্বামী তাঁকে জানিয়েছিলেন বলেও অভিযোগ করেন মানসুরা বিবি।

ঘটনায় পরিবার খুনের অভিযোগ তুলে যথাযথ তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর চেন্নাইয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

এই ঘটনাকে ঘিরে শ্রীপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ।প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা।