রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

SIR ইস্যুতে মালদায় তৃণমূলের ধিক্কার মিছিল

দেবাশীষ পাল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৮:২০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

মালদা, বুধবার

কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রান করছে—এই অভিযোগ তুলে বুধবার মালদা শহরে ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস। মালদা জেলা তৃণমূল কমিটির ডাকে আয়োজিত এই মিছিল শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।

মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা তৃণমূলের চেয়ারপার্সন চৈতালী ঘোষ সরকার, জেলা মুখপাত্র আশিস কুন্ডু, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, গৌতম দাস-সহ অন্যান্য নেতৃত্ব। তাঁদের নেতৃত্বে কয়েক হাজার কর্মী-সমর্থক মালদা শহরের রাজপথে নেমে প্রতিবাদে সরব হন।

মিছিল থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে সুর চড়ানো হয়। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী অভিযোগ করেন, “কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন মিলে এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রান করছে। বৈধ ভোটারদের বাংলাদেশি ও রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সাধারণ মানুষের ভোটাধিকার হরণের অপচেষ্টা আমরা মানি না।”

তিনি আরও বলেন, “একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা কাউকেই ছেড়ে কথা বলব না। গণতন্ত্র রক্ষায় আমরা রাস্তায় নেমেছি, ভবিষ্যতেও আন্দোলন চলবে।”

এই ঘটনাকে ঘিরে মালদা শহরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিজেপি বা নির্বাচন কমিশনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।