বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পরীক্ষার চাপে নয়, ভরসায় ভর করে কলম ধরল পড়ুয়ারা—মাধ্যমিকে নজির গড়ল ফরাক্কা ও সামশেরগঞ্জ পুলিশ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৬ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ১০:০৬ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

সামশেরগঞ্জ কাঞ্চনতলা ও ফরাক্কা পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া লুৎফাল হক

সামশেরগঞ্জ কাঞ্চনতলা ও ফরাক্কা পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া লুৎফাল হক

সফিকুল ইসলাম,মুর্শিদাবাদ: সোমবার রাজ্যজুড়ে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জ এলাকাতেও বিশেষ তৎপরতায় দেখা গেল পুলিশ প্রশাসনকে।

সামশেরগঞ্জের কাঞ্চনতলা হাই স্কুলে পরীক্ষাকেন্দ্র ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কোনওরকম টুকলি, দেখে লেখা বা নিষিদ্ধ সামগ্রী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হয়। পরীক্ষার্থীদের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য পুলিশের পক্ষ থেকে করা হয় সঠিক ও নিয়মমাফিক চেকিং।

একইসঙ্গে পুলিশের মানবিক রূপও নজর কাড়ে। পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও আত্মবিশ্বাস বাড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফুল ও কলম। জীবনের প্রথম বড় পরীক্ষার দিনে পুলিশের এই ছোট্ট উৎসাহ ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে বিশেষ ভূমিকা পালন করতে দেখা যায়।

এদিন সামশেরগঞ্জের বিডিও-সহ প্রশাসনের আধিকারিকদের একাধিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতেও দেখা যায়। তাঁরা পরীক্ষা ব্যবস্থাপনা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন বলে জানান কাঞ্চন তলা হাই স্কুলের প্রধান শিক্ষক।

অন্যদিকে ফরাক্কায় এক মানবিক ও নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। মাধ্যমিক পরীক্ষার দিনে ভুলবশত দুই ছাত্রী প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরের অর্জুনপুর হাই স্কুলে পৌঁছে যায়। সেখানে উপস্থিত ছিলেন ফারাক্কা পুলিশ ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি ও বর্তমান জেলা সম্পাদক লুৎফল হক, ছাত্রীদের অ্যাডমিট কার্ড দেখে তিনি বুঝতে পারেন, তাদের প্রকৃত পরীক্ষাকেন্দ্র নিউ ফরাক্কার ব্রাহ্মণগ্রাম স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়। পুলিশ তৎপর হয়ে সময় নষ্ট না করে লুৎফল হক নিজের বাইকে চাপিয়ে মানবিকতার পরিচয় দিয়ে তিনি দ্রুত ছাত্রীদের সঠিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পেরে বড় বিপদ থেকে রক্ষা পায় ওই দুই পরীক্ষার্থী। এই উদ্যোগে প্রশংসা কুড়িয়েছেন লুৎফল হক ও ফরাক্কা পুলিশ।

কাঞ্চনতলা হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাসুদ।রহমান জানান,“প্রতিবছরের মতো এ বছরও আমাদের স্কুলে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য পানীয় জল, মেডিক্যাল ক্যাম্প-সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখাছে সামশেরগঞ্জ পুলিশ ও টাউন ফাঁড়ির আধিকারিক অবিরাম মণ্ডল সার্বিকভাবে সহযোগিতা করছেন।”

তিনি আরও জানান, চলতি বছরে ওই কেন্দ্রে মোট ১,০৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ২৯৫ জন, যার মধ্যে ৩ জন অনুপস্থিত। মেয়ে পরীক্ষার্থী রয়েছেন ৭৮৯জন, যার মধ্যে অনুপস্থিত ৫৩ জন।পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে সামশেরগঞ্জের বিডিও ও থানার আইসি পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ।