বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চাঁদপুরে লরি–বাইক সংঘর্ষ: চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলার, গুরুতর আহত স্বামী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৪ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ১০:১৪ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত চাঁদপুর পাওয়ার হাউসের সামনে রবিবার বিকেলে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর স্বামী। দম্পতির বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলার নারায়নখর, জয়কৃষ্ণটপুর এলাকায় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুলিয়ান ডাকবাংলো দিক থেকে একই বাইকে করে আসছিলেন স্বামী-স্ত্রী। সেই সময় পেছন দিক থেকে একটি লরি এসে বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইকে থাকা মহিলা লরির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতার নাম আইয়েফা বিবি (৪২)। বাইক চালাচ্ছিলেন তাঁর স্বামী আক্তার শেখ (৪৫)। দুর্ঘটনায় তিনিও গুরুতরভাবে আহত হন।

আহত আক্তার শেখকে প্রথমে ওটু হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সামশেরগঞ্জের চাঁদপুর বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং মৃতদেহ ঘটনাস্থল থেকে সরাতে বাধা দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। থানার আইসি নিজে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং মৃতার পরিবারকে সরকারি সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পুলিশের আশ্বাসে পরে বিক্ষোভ প্রত্যাহার করা হয় এবং মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়।বর্তমানে পুলিশ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে। সামশেরগঞ্জের চাঁদপুর–ধুলিয়ান–পাকুড়গামী রাস্তায় যান চলাচল তার পরেও স্বাভাবিক হয়।