সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ১৯ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বৈধ ভোটার বাদ পড়লে মুর্শিদাবাদ স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের”

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১০ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার | আপডেট: ০৯:১০ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার

সফিকুল ইসলাম, জঙ্গিপুর: ভোটার তালিকার বিশেষ পুনর্নিরীক্ষণ (SIR) প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে শুক্রবার বিকেলে জঙ্গিপুরে এক বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি জঙ্গিপুর বড় বাগান ফুটবল ময়দান থেকে শুরু হয়ে ক্ষুদিরাম মোড়ে গিয়ে শেষ হয়।

সভামঞ্চ থেকে বিধায়ক জাকির হোসেন তীব্র ভাষায় SIR প্রক্রিয়ায় মানুষের হয়রানির অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘লজিক্যাল ডিসক্রিপশন’-এর অজুহাতে বৃদ্ধ-বৃদ্ধা ও সাধারণ মানুষকে যেভাবে বারবার ডেকে হয়রানি করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির প্রভাবেই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার একটি পরিকল্পনা করছে।

বিধায়ক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে, তবে গোটা মুর্শিদাবাদ জেলাকে স্তব্ধ করে দেওয়া হবে। অবিলম্বে সমস্ত বৈধ ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি এই হয়রানি বন্ধ করার দাবি জানান তিনি।

এই প্রতিবাদ সভায় একই সুরে বক্তব্য রাখেন জঙ্গিপুর ব্লক সভাপতি গৌতম ঘোষ। তিনি নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ও হয়রানি করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছ থেকে কোনো রকম সহযোগিতা বা সমর্থন মিলছে না সাধারন মানুষদের।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জাকির হোসেন জানান, SIR প্রক্রিয়ায় মানুষের উপর যে অন্যায় চাপ সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ। তিনি বলেন, “একজন বৈধ ভোটারও যদি বাদ পড়ে, তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।” পাশাপাশি শুনানিতে ডাকা প্রবীণ নাগরিকদের সহযোগিতার জন্য তৃণমূল কংগ্রেস প্রতিটি ব্লকে সহায়তা কেন্দ্র খুলে পাশে রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। যদিও অভিযোগ, এত কিছুর পরেও মানুষের হয়রানি বন্ধ হয়নি। বর্তমানে SIR শুনানি প্রক্রিয়া প্রায় শেষের পথে, বাকি রয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সেই তালিকায় কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক জাকির হোসেন।