শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

হিমাচলে পোষ্যের আনুগত্য।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:০২ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০২:০২ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

বরফে চাপা পড়ে যুবকের দেহ, তীব্র তুষারপাতেও চার দিন মালিকের পাশে বসে পোষ্য পিটবুল — হিমাচলে হৃদয়বিদারক ছবি

হিমাচল প্রদেশ, চম্বা: প্রবল তুষারপাতের মাঝে মালিকের মৃত্যুর পরও চার দিন ধরে দেহ আগলে পাশে বসে রইল পোষ্য পিটবুল। চম্বা জেলার ভরমৌর এলাকা থেকে সামনে এসেছে এই হৃদয়বিদারক ঘটনা।

জানা গিয়েছে, পাহাড়ের উঁচু এলাকায় পোষ্য কুকুরটিকে নিয়ে একাই থাকতেন ওই যুবক। টানা তুষারপাতের মধ্যে বাড়ির বাইরে বেরোনোর পর আর ফেরেননি তিনি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তীব্র ঠান্ডার কারণেই মৃত্যু হয়েছে যুবকের। দুর্যোগের জেরে দীর্ঘ সময় কেউ ঘর থেকে বের না হওয়ায় মৃত্যুর খবরও গ্রামে পৌঁছয়নি।

চার দিন পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে গ্রামবাসীরা বাড়ি থেকে কিছুটা দূরে বরফের নীচে চাপা পড়া দেহটি দেখতে পান। দেহের পাশে ঠায় বসে ছিল পোষ্য পিটবুলটি। উদ্ধারকাজ শুরু হলে প্রথমে কুকুরটি আক্রমণাত্মক হয়ে ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় কুকুরটিকে শান্ত করে দেহ উদ্ধার করা হয়। পোষ্যটিকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পিটবুলের হিংস্রতা নিয়ে বিতর্কের মধ্যেই এই ঘটনায় মানব-প্রাণীর সম্পর্কের এক ভিন্ন ছবি সামনে এল।

এদিকে, টানা তুষারপাতে হিমাচল জুড়ে এক হাজারের বেশি রাস্তা বন্ধ রয়েছে। প্রশাসনের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনেও তুষারপাত বাড়তে পারে।