বেলডাঙায় আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেফতার
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৪ এএম, ২৭ আগস্ট ২০২৫ বুধবার | আপডেট: ০৯:২৪ এএম, ২৭ আগস্ট ২০২৫ বুধবার
সফিকুল ইসলাম,বেলডাঙা, মুর্শিদাবাদ: গোপন সূত্রের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে বেলডাঙা থানার পুলিশ গ্রেফতার করল এক যুবককে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি দেশি আগ্নেয়াস্ত্র (পাইপগান) ও চারটি তাজা কার্তুজ।পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম মুবারক হোসেন ওরফে মুবারক শেখ (২৪)। তার বাড়ি কালিতলা শেখপাড়ায়। ওই রাতেই তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঘটনায় বেলডাঙা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
এ বিষয়ে বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুবারক শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। তাকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে এবং পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ধৃত যুবক অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। তার কাছে আরও অস্ত্র মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, “এটি দুষ্কৃতীদের কাছে স্পষ্ট বার্তা—যে অবৈধ অস্ত্র কিংবা বিস্ফোরক রাখার সঙ্গে কেউ জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
