সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

লালগোলায় ভুয়ো আধার কার্ড তৈরির চক্র ভাঙল পুলিশ,উদ্ধার অত্যাধুনিক যন্ত্রপাতি,গ্রেফতার দুই অভিযুক্ত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার | আপডেট: ০৭:১৮ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: লালগোলা থানার পুলিশের তৎপরতায় ফাঁস হল ভুয়ো আধার কার্ড তৈরির একটি চক্র। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে আধুনিক বায়োমেট্রিক যন্ত্রপাতি-সহ একাধিক জাল নথিপত্র পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা ১৫ মিনিট নাগাদ চমাপাড়া গ্রামে হানা দেয় লালগোলা থানার পুলিশ। অভিযুক্ত মোঃ আকতারুল ইসলাম ওরফে রাজেশ মাস্টারের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। ধৃতদের নাম আবু সুফিয়ান (২০), পিতা মহিউদ্দিন, বাসিন্দা জামতলা, থানা রঘুনাথগঞ্জ এবং সাহিন আক্তার ওরফে ইমাম (৩৬), পিতা আব্দুল রহমান, বাসিন্দা চমাপাড়া, থানা লালগোলা।অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে একটি Acer ল্যাপটপ, ওয়েবক্যাম, ডকুমেন্ট স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আই-স্ক্যানার, পেনড্রাইভ, কালার প্রিন্টার, জেরক্স ও স্ক্যানার মেশিন-সহ আধার সংশ্লিষ্ট একাধিক বায়োমেট্রিক যন্ত্রপাতি। এছাড়াও, নজমিন আক্তার নামে দুটি ভিন্ন নম্বরযুক্ত আধার কার্ডও উদ্ধার করা হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরেই এই জালিয়াতি চক্র সক্রিয় ছিল এবং অসৎ উদ্দেশ্যে তৈরি করা হত ভুয়ো আধার কার্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এই নথিগুলি কোথায় ও কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, তা জানার জন্য তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে লালগোলা থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। জেলার মধ্যে এর আগেও একাধিকবার এমন ধরনের জাল পরিচয়পত্র চক্র ধরা পড়েছে, তবে এইবার উদ্ধার হওয়া পরিমাণ ও প্রযুক্তি ব্যবহারে তা বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।