মোবাইল গেমে আসক্তি নিয়ে মায়ের বকুনিতে অভিমান, আত্মঘাতী তরুণ
মহসিন আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩৭ পিএম, ২০ জুলাই ২০২৫ রোববার | আপডেট: ১১:৩৭ পিএম, ২০ জুলাই ২০২৫ রোববার
মোবাইল গেমে আসক্তি নিয়ে মায়ের বকুনিতে অভিমান, আত্মঘাতী তরুণ
মহসিন আলি, কালিয়াচক:
মোবাইল গেমের নেশা ছিল প্রবল। তাতেই প্রায়শই মা বকতেন। আর সেই অভিমানেই আত্মঘাতী হল বছর একুশের এক তরুণ। শনিবার রাতে কালিয়াচক থানার অন্তর্গত শেরশাহী গ্রামে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত যুবকের নাম রাজ মাহারা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সে কালিয়াচক কলেজের ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি কালিয়াচক চৌরঙ্গী মোড়ে একটি ইলেকট্রিক দোকানে পার্ট টাইম কাজ করত। শনিবার দুপুরে কাজ থেকে ফিরে নিজের ঘরে গিয়ে অনলাইনে মোবাইল গেম খেলতে শুরু করে।
সেই সময় তার মা তাকে বকাঝকা করেন। রাতে খাবারের সময়ও একইভাবে মা ডাকলেও কোনও সাড়া দেয়নি রাজ। তখন আবার মা তাকে বকাঝকা করেন। এরপরই সে অভিমানে নিজের বাড়ির সিঁড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
রাজের বাবা সঞ্জিত মাহারা বলেন, “আমার স্ত্রী ওকে মোবাইল গেম খেলতে বারবার নিষেধ করত। ছেলে এটা মেনে নিতে পারত না। মা কিছু বললেই রেগে যেত।”
ঘটনার পর রাজকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ওহিদুল ইসলাম বলেন, “ছেলেটি খুব একটা মিশুকে ছিল না। সর্বদা মোবাইলে ব্যস্ত থাকত। গত কিছুদিন দোকানে কাজ শুরু করলেও তাকে দেখে হত মনোযোগী নয়।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।
